প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2026 ইং
ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬: ধস্তাধস্তিতে পুলিশ সদস্য আহত

মোহাম্মদ কামাল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামিদের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন গোহাইলকান্দিস্থ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অফিস সংলগ্ন একটি নির্জন জায়গা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে এসআই কাইয়ূম, এএসআই আজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেপ অফিসের পেছনের নির্জন স্থানে একদল সশস্ত্র অপরাধী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে এবং পুলিশের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১. সজিব মিয়া (২০), সাং- আজমতপুর (তার কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়)
২. আকাশ (২২), সাং- সানকিপাড়া (তার কাছ থেকে ১টি ধারালো দা উদ্ধার করা হয়)
৩. ইমন আহম্মেদ আবির (৩০), সাং- গোহাইলকান্দি (তার কাছ থেকে ১টি চাকু উদ্ধার করা হয়)
৪. মো. শাহেদ (২১), সাং- গোহাইলকান্দি দরগা (তার কাছ থেকে ১টি চাকু উদ্ধার করা হয়)
৫. মোফাজ্জল (৩৫), সাং- চরগোবিন্দপুর (সহযোগী)
৬. মো. জাহাঙ্গীর (৪০), সাং- তিনকোণা পুকুরপাড় (সহযোগী)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই চিহ্নিত পেশাদার ছিনতাইকারী ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন নির্জন পয়েন্টে সাধারণ পথচারীদের জিম্মি করে ছিনতাই ও ডাকাতি সংঘটিত করে আসছিল।
অভিযান সম্পর্কে ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, আটককৃতদের কাছ থেকে ধারালো দা ও বিভিন্ন আকারের চাকুসহ মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই কাইয়ূম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়া) মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক খবর সারাক্ষণ